
চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে ডুবে যাওয়া একটি বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২২ জুলাই) সকালে সংঘটিত এ উদ্ধার অভিযান শেষে রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড জানায়, সকাল ১১টার দিকে গুপ্তছড়া ঘাটের কাছে একটি বাল্কহেডের তলা ফেটে পানি প্রবেশ করলে সেটি চারজন ক্রুসহ ডুবতে শুরু করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ, কুমিরা ঘাটের সার্ভিস বোট এবং বাল্কহেডের মালিকপক্ষের সমন্বয়ে তাৎক্ষণিক যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধারকারীদের সম্মিলিত প্রচেষ্টায় বাল্কহেডে থাকা চারজন ক্রুকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়। পরে কোস্ট গার্ড তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করে নিরাপদে মালিকপক্ষের কাছে হস্তান্তর করে।
কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জরুরি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।